নভেল করোনাভাইরাস ফ্রিজের মাছ এবং মাংসে ২১ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে নতুন গবেষণায় জানিয়েছেন বিজ্ঞানীরা।
কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি পরিচালিত বায়ো আর্কাইভ প্রিপ্রিন্ট সার্ভারে এ সংক্রান্ত একটি নথি প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
সাধারণ মানুষকে তারা সতর্ক করে বলেছেন, ফ্রিজিং তাপমাত্রায় করোনা দীর্ঘদিন টিকে থাকতে পারে বলে দূষিত বা সংরক্ষিত খাবারে রোগটি ছড়াতে পারে।
সিঙ্গাপুরের সুপার মার্কেট থেকে স্যামন মাছ এবং মুরগির মাংস সংগ্রহ করে ফ্রিজে রাখার আগে করোনাভাইরাসের সংস্পর্শে নেয়া হয়।
এরপর ফ্রিজের সাধারণ তাপমাত্রা ৪সি থেকে মাইনাস ২০সি’তে ওই মাছ-মাংস রাখা হয়।
২১ দিন পরও তাতে ভাইরাসের উপস্থিতি মেলে।
বিজ্ঞানীদের শঙ্কা, যেসব দেশে দীর্ঘদিন করোনা নেই সেখানে নতুন করে ফ্রিজের খাবারের কারণে করোনা ছড়াতে পারে।
গবেষকেরা লিখেছেন, ‘ফ্রিজের খাবার থেকে করোনার সংক্রমণ যদিও উল্লেখযোগ্য কোনো রুট নয়, তবু এই গবেষণা আমাদের চিন্তায় ফেলছে। সংক্রমিত কোনো খাবার সম্পর্কে ধারণা না থাকলে বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ।’
ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর জেমস উড এ বিষয়ে সানডে টেলিগ্রাফকে বলেন, ‘এই গবেষণা খুব সংবেদনশীল। আন্তর্জাতিক ফুড মার্কেটকে এ বিষয়ে সতর্ক হতে হবে। না হলে এক দেশ থেকে আরেক দেশে আবার কভিড-১৯ ছড়াতে পারে।’