বার্সেলোনায় লিওনেল মেসি সুখী নন, সংবাদমাধ্যমে এমন খবর অনেক দিন ধরেই প্রচার হচ্ছে। ক্লাবের শীর্ষ পর্যায়ের অনেকের সঙ্গে আর্জেন্টাইন তারকার সম্পর্ক নিয়েও আছে গুঞ্জন। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের বিপক্ষে ২-৮ গোলে হারের পর মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জোর আলোচনা চলছে।
এ অবস্থায় রোনাল্ড কোম্যান বার্সার কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পরই মেসির সঙ্গে বসেছিলেন। কিন্তু দুজনের আলাপচারিতা হুবহু সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ায় বেজায় চটেছেন মেসি।
যে কোনো কোচই দায়িত্ব পাওয়ার পর অধিনায়কের সঙ্গে পরিকল্পনা নিয়ে কথা বলবেন এটাই স্বাভাবিক। কোম্যানের সঙ্গে বার্সা অধিনায়ক মেসির আলাপচারিতা সেটির অংশ হলেও আক্ষরিক অর্থে এর মর্মার্থ ছিল অনেক বড়। মেসিকে বার্সায় থাকার বোঝানোর চেষ্টা করেছেন কোম্যান এমন কিছুই এসেছে সংবাদমাধ্যমে।
বার্সা তারকা নাকি কোচকে বলেছেন, এখন তার মন দলের ভেতরে যত না, তার চেয়ে বেশি বাইরে। এসব কথা সংবাদমাধ্যমে আসাতেই ক্ষুব্ধ মেসি। মেসির ক্ষোভের খবর ছেপেছে আর্জেন্টিনার এক সংবাদপত্র।
অবশ্য এমন নয় যে মেসি মনে করেছেন তার বক্তব্য সংবাদমাধ্যমে বিকৃত করা হয়েছে। তিনি বিরক্ত সাক্ষাতের সবকিছুই স্পেনের এমন এক সংবাদমাধ্যম ফাঁস করেছে, যারা সব সময় বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের হয়ে প্রচার করে থাকে।