চট্টগ্রাম বন্দর জেটিতে হেলে পড়েছে পানামার পতাকাবাহী জাহাজ

কন্টেইনার লোড করার সময় ভারসাম্য রাখতে না পেরে চট্টগ্রাম বন্দর জেটিতে হেলে পড়েছে পানামা পতাকাবাহী জাহাজ ‘ওইএল হিন্দ’। রোববার সকাল সাতটায় এ ঘটনা ঘটে।

বন্দর কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে ‘ওইএল হিন্দ’ জাহাজে কন্টেইনার লোড করা হচ্ছিল। ৯৬৪ টিইইউস কন্টেইনার নিয়ে জাহাজটি গতকাল বিকেলে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল সাতটার দিকে হঠাৎ বন্দর জেটির দিকে  ৮থেকে ১০ ডিগ্রি কাত হয়ে হেলে পড়ে জাহাজটি। খবর পেয়ে বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, কন্টেইনার লোড করার সময় ভারসাম্য রক্ষা না হওয়ায় জাহাজটি ৮ডিগ্রী কাত হয়ে গেছে। ভারসাম্য ফিরিয়ে আনতে জাহাজের মাস্টারকে ওপর থেকে কিছু কন্টেইনার নামিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারসাম্য ফিরিয়ে এনে জাহাজটি সমুদ্রে চলাচল উপযোগী রিপোর্ট পাওয়ার পর সেটিকে বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে।

প্রসঙ্গত, জাহাজে কন্টেইনার লোড করার জন্য পণ্যভর্তি ও খালি কন্টেইনার সাজিয়ে রেখে ভারসাম্য রক্ষা করা হয়। জাহাজের মাস্টার বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করে থাকেন।