বন্দর জেটিতে হেলে পড়েছে ‘ওইএল হিন্দ’

কনটেইনার লোড করার সময় ভারসাম্য রাখতে না পেরে চট্টগ্রাম বন্দর জেটিতে হেলে পড়েছে পানামা পতাকাবাহী জাহাজ ‘ওইএল হিন্দ’। গতকাল রবিবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

বন্দর কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে ‘ওইএল হিন্দ’ জাহাজে কনটেইনার লোড করা হচ্ছিল। ৯৬৪ টিইইউস কনটেইনার নিয়ে জাহাজটি গতকাল বিকেলে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৭টার দিকে হঠাৎ বন্দর জেটির দিকে  ৮থেকে ১০ ডিগ্রি কাত হয়ে হেলে পড়ে জাহাজটি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, কনটেইনার লোড করার সময় ভারসাম্য রক্ষা না হওয়ায় জাহাজটি ৮ ডিগ্রি কাত হয়ে গেছে। ভারসাম্য ফিরিয়ে আনতে জাহাজের মাস্টারকে ওপর থেকে কিছু কনটেইনার নামিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারসাম্য ফিরিয়ে এনে জাহাজটি সমুদ্রে চলাচল উপযোগী রিপোর্ট পাওয়ার পর সেটিকে বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে। জাহাজে কনটেইনার লোড করার জন্য পণ্যভর্তি ও খালি কনটেইনার সাজিয়ে রেখে ভারসাম্য রক্ষা করা হয়। জাহাজের মাস্টার বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করে থাকেন।