ঢাকা-৫, পাবনা-৪ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট হবে আগামী ১৭ অক্টোবর। এ ছাড়া পাবনা-৪ আসনের উপনির্বাচনের ভোট ২৬ সেপ্টেম্বর। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আসন দুটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব জানান, তিনটি উপনির্বাচনের ভোটের তারিখ নির্ধারিত হলেও তফসিল ঘোষণা করা হয়েছে শুধু পাবনা-৪ আসনের। বাকি দুটি আসনের তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে। তফসিল অনুযায়ী, পাবনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ সেপ্টেম্বর। আর ভোট নেওয়া হবে ২৬ সেপ্টেম্বর।
তিনি জানান, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ১৭ অক্টোবর করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেজন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তফসিল ঘোষণা করা হবে।
৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন এবং ২৮ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এই কর্মকর্তা আরও জানান, করোনা পরিস্থিতিতে কোনো নির্বাচনে পথসভা, মিছিল, সভা-সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না। এ ছাড়া প্রশাসকের মেয়াদ শেষ হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন করা হবে বলেও জানান সচিব।