পরিকল্পনায় নেই, সুয়ারেজকে বলে দিয়েছেন কোম্যান

লুইস সুয়ারেজকে বার্সেলোনা ছেড়ে দিতে চায় বলে গুঞ্জন চলছে বেশ জোরেশোরে। উরুগুইয়ান ফরোয়ার্ড অবশ্য ক’দিন আগে বলেছেন, ক্লাব কর্তৃপক্ষ তাকে এমন কিছু বলেননি। তিনি নিজে বদলি হিসেবে খেলতে হলেও বার্সায় থাকতেই আগ্রহী বলে জানিয়েছিলেন। কিন্তু এখন জানা যাচ্ছে, বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনাতেই নেই তিনি।

কাতালান রেডিও চ্যানেলের খবরে বলা হয়েছে, এরই মধ্যে কোম্যান নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন সুয়ারেজকে। কোম্যান ফোন কলে সুয়ারেজের সঙ্গে আলোচনা করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সুয়ারেজকে নিয়ে গুঞ্জন আসলে অনেক দিনের। বিশেষ করে তার ফিটনেস নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল বার্সা কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারের পর বার্সায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পুরোনোদের মধ্যে যাদের ধরে রাখতে চায় বার্সা, তাদের মধ্যে নেই সুয়ারেজ।

২০২০-২১ মৌসুম পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি সুয়ারেজের। কিন্তু সেই চুক্তি শেষ হওয়ার আগেই কি নতুন ঠিকানা খুঁজবেন সুয়ারেজ? পুরোনো ক্লাব আয়াক্স তাকে পেতে আগ্রহী বলে খবর। কিন্তু সুয়ারেজ যে বার্সার থেকে যেতে চান বলেছিলেন। অবশ্য কোম্যানের সরাসরি বলে দেওয়া কথার পর সুয়ারেজের ভাবনায় বদল আসতেই পারে।