ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল পিএসজি। স্বপ্ন ছিল ট্রফি জয়ের। তবে রবিবার রাতে তাদের হতাশায় পুড়িয়ে ইউরোপ সেরার মুকুট পড়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
নেইমার-এমবাপ্পেদের মতো তারকাদের নিয়েও সেরা হতে না পারা পিএসজি অবশ্য এখানেই থামতে চায় না। ম্যাচ শেষে কোচ টমাস টুখেল বলেছেন, নতুন মৌসুমে সামনে তাকানোর কথা। যেখানে এসেছে লিওনেল মেসি প্রসঙ্গও। আর্জেন্টাইন তারকাকে নিয়ে টুখেলের মন্তব্যে ফুটবল জগতে শুরু হয়েছে নতুন জল্পনা।
কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সেলোনা বিধ্বস্ত হওয়ার পর থেকেই শোনা যাচ্ছে মেসি বার্সা ছাড়তে আগ্রহী। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সেই বায়ার্নের কাছে হেরে যাওয়ার পর পিএসজির কোচ মেসিকে দলে পাওয়ার আগ্রহ দেখালেন।
টুখেল বলেন, ‘মেসিকে কোন কোচ নিতে চাইবেন না? মেসিকে আমাদের দলে সর্বদাই স্বাগত।’ অবশ্য তিনি এও বলেছেন, ‘আমার ব্যক্তিগত ধারণা, মেসি বার্সেলোনাতে থেকেই ক্যারিয়ার শেষ করবে।’
ফ্রেঞ্চ ফুটবলে পিএসজির রাজত্ব চললেও এখনো ইউরোপে তারা সেরা হতে পারেনি। ইউরোপ সেরা হওয়ার জন্যই তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। চড়া দামে নেইমার-এমবাপ্পেদের মতো তারকাকে দলে ভিড়িয়েছে। কিন্তু এরপরও চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব হয়নি।
এদিকে এ মৌসুমে ফরাসি ক্লাবটি ছেড়ে চলে গেছেন অনেকে। নতুন মৌসুমে তাই নতুন করে শক্তিশালী দল তৈরি করতে হবে পিএসজিকে। টুখেল বলছেন, ‘এই মৌসুমে অনেক ফুটবলারই চলে গেছে। আগামী মৌসুম কঠিন হতে চলছে। তাই বেশ শক্তিশালী দল তৈরি করতে হবে। আগামী কয়েক দিনের মধ্যেই আমরা দল গঠন নিয়ে আলোচনায় বসব।’
সেই আলোচনায় মেসিকে কীভাবে দলে ভেড়ানো যায়, সেই প্রসঙ্গও কি থাকবে?