গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজার-বাদিয়াখালী সড়কের ছালুয়া এলাকায় গতকাল সোমবার সকালে একটি বেইলি সেতু ভেঙে সিমেন্টবোঝাই একটি ট্রাক খাদে পড়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ট্রাকচালকের ভাতিজা ও সহকারী তরিকুল ইসলাম (২৫)।
সেতুটি ভেঙে যাওয়ায় ফুলছড়ি উপজেলা সদরের সঙ্গে ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা ফুলছড়ি উপজেলা প্রশাসন, ফুলছড়ি ফায়ার সার্ভিস ও ফুলছড়ি থানার পুলিশ সূত্রে জানা যায় সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৭০০ বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রাক সদর উপজেলার বাদিয়াখালী হয়ে ফুলছড়ি উপজেলা সদর কালিরবাজারের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি ছালুয়া এলাকায় একটি বেইলি সেতু পার হওয়ার সময় পশ্চিম পাশের রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
পরে ফুলছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা তরিকুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। দুপুর ১টার দিকে জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।