মাটি খুঁড়ে মিলল হাজার বছর আগের স্বর্ণমুদ্রা

আজ থেকে অন্তত ১ হাজার ১০০ বছর আগের ঘটনা। তখন ইসলামের প্রথম যুগ। বর্তমান ইসরায়েলে তখন চলছিল আব্বাসীয়দের শাসন। সেই সময়ে কেউ একজন একটা মাটির পাত্রে জমিয়ে রেখেছিলেন ৪২৫টি স্বর্ণমুদ্রা। হয়তো তিনি এই টাকায় একটি বাড়ি তৈরি করতে চেয়েছিলেন। অথবা ছিল কারও ব্যবসার মূলধন। কিন্তু কোনো এক আশ্চর্য কারণে বিপুল এই অর্থ তিনি আর কাজে লাগাতে পারেননি। হাজার বছর ধরেই মাটির তলায় চাপা পড়ে ছিল।

সম্প্রতি ইসরায়েলের একদল স্বেচ্ছাসেবী তরুণ প্রতœতাত্ত্বিক খুঁজে পেয়েছে সেই বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা। বিবিসির খবরে বলা হয়েছে, ইসলামের প্রথম যুগের বিরল এই স্বর্ণমুদ্রা পাওয়া গেছে দেশটির কেন্দ্রীয় শহর ইয়াভনের কাছের এক খনন এলাকায়। 

ইসরায়েলের পুরাকীর্তি কর্র্তৃপক্ষের প্রতœতাত্ত্বিক লিয়াত নাদভ-জিভ এবং এলি হাদ্দাদ গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে জানান, ৪২৫টি সম্পূর্ণ স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া গেছে, যা প্রায় ১ হাজার ১০০ বছর আগের আব্বাসীয় সময়কালের। এটি অত্যন্ত বিরল এক সন্ধান। যুব স্বেচ্ছাসেবকদের খুঁজে পাওয়া এ সংগ্রহে স্বর্ণমুদ্রার ভাঙা অংশও রয়েছে।

মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল বলেছেন, প্রাথমিক বিশ্লেষণে মুদ্রাগুলো নবম শতাব্দীর শেষের দিকের বলে ইংগিত দেয়, যাকে আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ বলে বিবেচনা করা হয়। তখন তারা নিকটপ্রাচ্য এবং উত্তর-আফ্রিকার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করতেন। ইসরায়েলে প্রাচীন মুদ্রার সন্ধানের মধ্যে এটি বৃহত্তম আবিষ্কার।

বিবিসি জানিয়েছে, মাটি খুঁড়ে পাওয়া ওই মুদ্রাগুলোর ওজন অন্তত ৮৪৫ গ্রাম। ধাতব মূল্য যা-ই হোক না কেন এর প্রতœতাত্ত্বিক দাম হবে হাজার গুণ বেশি।