করোনা পরিস্থিতির মধ্যেই দেশের কওমি মাদ্রাসাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। মাদ্রাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। এর আগে গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদ্রাসাগুলো। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদ্রাসার একটি বোর্ড জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হলেও কিতাব বিভাগে ক্লাস চালুর অনুমতি দেয়নি সরকার। জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ জানান, কওমি মাদ্রাসা খোলার অনুমতি দেওয়া হয়েছে। এখন থেকে পরীক্ষা নেওয়া যাবে। ঘণ্টাখানেকের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। এইমাত্র মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রতিনিধিদলকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদ্রাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও করোনার কারণে তা স্থগিত রাখা হয়। এর আগে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানা ১২ জুলাই থেকে চালুর অনুমতি দিয়েছে সরকার। গত ৮ জুলাই ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, এসব মাদ্রাসাকে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।