মানিকগঞ্জে রাইজিং স্পিনিং মিলস শ্রমিকদের সড়ক অবরোধ

মানিকগঞ্জের গোলড়ায় রাইজিং স্পিনিং মিলস্ এর শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার সকাল ৭টা থেকে নয়টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে প্রতিষ্ঠানটির শ্রমিকরা বাৎসরিক ইনক্রিমেন্টের দাবিতে এই সড়ক অবরোধ করেন।

এতে ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট লেগে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা ফ্যাক্টরি গেটে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দাবি আদায় প্রসঙ্গে আলোচনা করছেন।

গোলড়া হাই-ওয়ে পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা অবরোধ উঠিয়ে নিয়েছেন। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে তারা (শ্রমিকেরা) মহাসড়ক অবরোধ করলে গোলড়া হাই-ওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে অবস্থানরত শ্রমিকদের সড়ক থেকে সরাতে সক্ষম হন।

সড়ক থেকে সরে এসে শ্রমিকেরা ফ্যাক্টরি গেটে অবস্থান নিয়েই তাদের দাবি আদায়ে অবস্থান ও বিক্ষোভ করছেন।

এদিকে গোলড়া হাই-ওয়ে পুলিশের ওসি মো. মনিরুল ইসলাম ফোনে জানান, সকাল সাতটা থেকে প্রায় দুই ঘণ্টা রাইজিং স্পিনিং মিলসের শ্রমিকেরা তাদের বাৎসরিক ইনক্রিমেন্ট আদায়ের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে মহাসড়ক পুলিশের আওতায় রয়েছে তবে শ্রমিকেরা ফ্যাক্টরি গেটে ফ্যাক্টরির কর্মকর্তাদের সঙ্গে দাবি আদায় নিয়ে আলোচনা করছে।