চাঁদপুরে ধর্মঘট ডেকে ৫ ঘণ্টা পর প্রত্যাহার

চাঁদপুরের সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করেছে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

গতকাল মঙ্গলবার সকাল ৭টায় এ ধর্মঘট আহ্বান করা হয়। এতে বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যে রওনা দেওয়া মানুষজন। পরে পুলিশের আশ্বাসে দুপুর ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিক ইউনিয়ন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দিন বলেন, শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

চাঁদপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি বলেন, পুলিশ বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা বৈধভাবে যানবাহন চালাচ্ছে, তারা দীর্ঘদিন ধরে অবৈধ যানবাহন ও চালকদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। অবৈধ যানবাহন বন্ধের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা ধর্মঘটের সিদ্ধান্ত নিই।