তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। ছোট ও বড় পর্দায় ব্যালান্স করে কাজ করছেন। ঈদে তার অভিনীত একাধিক কাজ আলোচিত হয়েছে। তার সঙ্গে কথা বলেছেন রণ। ছবি : শেখ সাদি
ঈদের কাজ...
আমি এমনিতেই কম কাজ করি। তার ওপর এবার করোনার জন্য একেবারেই কম কাজ করেছি। ঈদে তিনটি নাটক প্রচার হয়েছিল। তার মধ্যে মিজানুর রহমান আরিয়ানের ‘শহর ছেড়ে পরানপুর’ নাটকটি বেশ আগে করা। এ নাটকটির জন্য দর্শকের কাছ থেকে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। আমার বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা ও তাসনিয়া ফারিন। গল্পটি আমার খুব ভালো লেগেছিল। তবে পরিচালক চমৎকারভাবে গল্পটি না বলতে পারলে দর্শকের এত সাড়া পেতাম না। সাফায়েত মনসুর রানার ‘মশাল’ নামের একটি নাটক করেছিলাম। সেটির জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছি। এ কাজটি করতে আমি নিজেও খুব উপভোগ করেছিলাম। এছাড়া গৌতম কৈরির ‘করোনাকাল’ নাটকটি প্রচারিত হয়েছে।
নতুন ওয়েব সিরিজে...
আমরা যারা একটু ভিন্ন গল্পের কাজ করতে চাই তাদের জন্য ওয়েব একটি ভালো প্ল্যাটফর্ম। এরই মধ্যে আমি ওয়েবের জন্য বেশকিছু ভালো কাজ করেছি। ঈদের আগেই অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জ-এর জন্য ‘ঘোলা’ নামের একটি ওয়েব সিরিজ করেছিলাম। কিন্তু চিত্রগ্রাহক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কাজটির অল্প একটু অংশ বাকি ছিল। ঈদের পর শুধু সেই কাজটিই করেছি। তানিম পারভেজ পরিচালিত এই ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, এফএস নাঈম ও কৌশিক শংকর দাস। এটি কোনো নায়ক-নায়িকানির্ভর গল্প নয়। এতে তিনটি মুখ্য চরিত্র রয়েছে। একটি ঘটনাকে এই তিনটি ভিন্নধর্মী চরিত্র কীভাবে দেখছে তার ওপর ভিত্তি করে গল্প এগিয়ে যাবে। কাজটি নিয়ে আমি আশাবাদী। ঈদের পর এখনো পুরোদমে শ্যুটিং শুরু করিনি।
অভিনয়ের ধরন...
আমি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে ভালোবাসি। প্রতিটি চরিত্রে নিজেকে আলাদাভাবে উপস্থাপনের চেষ্টা করি। গল্প কেমন তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমি কী চরিত্রে অভিনয় করছি। আমার অভিনয়ের ধরন কেমন হবে তা চরিত্র দেখে ঠিক করি। পুরো গল্প বা আশপাশে কী হচ্ছে এটা আমার ভাবনায় থাকে না তখন। তাই সিনেমাটি তথাকথিত বাণিজ্যিক নাকি আর্টিস্টিক তা আমার ভাবনায় কখনো থাকে না।
মাধ্যম...
কোনো মাধ্যমের জন্য কাজ করছি সেটি একদমই বিবেচ্য নয়। ভালো গল্প, ভালো পরিচালক হলে কাজটি করতে চাই। এজন্য সিনেমা দিয়ে শুরু করলেও এখন আমি টিভি, ওয়েব ও সিনেমা সব মাধ্যমেই কাজ করছি। ‘আদম’ সিনেমায় প্রথমবার কাজ করছি জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে। আবু তাওহীদ হিরণ পরিচালিত এ সিনেমায় আমাকে একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে।