ইংল্যান্ডের বিপক্ষে ক’দিন আগে টেস্টে সরফরাজ আহমেদের মাঠে পানি টানা নিয়ে বিতর্ক হয়েছে অনেক। পাকিস্তানের সাবেক অধিনায়ককে দিয়ে সতীর্থদের জন্য পানি-জুতা বওয়ানো ভালোভাবে নেয়নি দেশটির সাবেকেরা। শোয়েব আখতার তো পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে এক হাত নিয়েছিলেন। তবে কোচ মিসবাহ-উল-হক সরাসরি বলে দেন এতে অপমানের কিছু নেই। তিনি নিজেও অধিনায়ক থাকার সময়ও এমন করেছেন।
অতীতে আসলে বেশ ক’জন কিংবদন্তিই খ্যাতি-যশ দূরে ঠেলে মাঠে পানি টেনেছেন। যে তালিকায় স্যার ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে শচিন টেন্ডুলকারও রয়েছেন। আছেন একজন প্রধানমন্ত্রীও।
এক নজরে দেখে নেওয়া যাক সেই নামগুলো-
স্যার ডন ব্র্যাডম্যান
তখন ক্রিকেট নামক বস্তুটির সঙ্গে ধাতস্থ হওয়ার চেষ্টা করছিলেন ক্রিকেটারেরা। ব্যতিক্রমী ক্রিকেটার ডন ব্র্যাডম্যান তখনও প্রায় হেসে খেলেই বল পাঠাতেন স্টেডিয়ামের বাইরে। সেই ব্র্যাডম্যান ছিলেন খুবই বড় মনের একজন মানুষ। ১৯২৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেন টেস্টে অভিষেক হয়েছিল ব্র্যাডম্যানের। খুবই অল্প রানের মাথায় তিনি আউট হয়ে যাওয়ার কারণে পরের টেস্টে তাকে বসিয়ে দেওয়া হয়। সেই দ্বিতীয় টেস্টেই ওয়াটার বয়ের কাজ করেছিলেন ব্র্যাডম্যান।
শচিন টেন্ডুলকর
শচিন টেন্ডুলকারও সতীর্থদের জন্য মাঠে টেনেছেন। সেটিও রীতিমতো যখন তার তারকাখ্যাতি তুঙ্গে তখন। ২০০৫ সালে আইসিসির একটি চ্যারিটি ম্যাচ হয়েছিল, বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে। অনিল কুম্বলের বলে বিশ্ব একাদশের অধিনায়ক রিকি পন্টিং আউট হতেই মাঠে শচিন টেন্ডুলকরকে জল বইতে দেখা যায়। গোটা ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছিল সে দিন।
রিকি পন্টিং
বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান। সফল অধিনায়কও বটে। ২০১১ সালে একটি টেস্ট ম্যাচে সতীর্থদের কাছে কয়েক মুহূর্তের জন্য ওয়াটার বয় হয়ে গিয়েছিলেন রিকি পন্টিং। সে বছরই শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে মাঠে পানি টেনেছিলেন। তখন তিনি অধিনায়কও ছিলেন।
মহেন্দ্র সিং ধোনি
সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সতীর্থদের জন্য মাঠে জল বয়ে নিয়ে যেতে কুণ্ঠা বোধ করেননি কখনও। ক্রিকেট মাঠে এখন পর্যন্ত তিন-তিন বার ধোনিকে সতীর্থদের জন্য পানি বইতে দেখা গেছে। প্রথম ২০১২ সালে। সেবার অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছিল ভারতীয় দল। ব্যাটসম্যানদের জন্য মাঠে ‘ওয়াটারবয়’ ধোনির দেখা মিলেছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির একটি ওয়ার্ম আপ ম্যাচেও এমনটা দেখা যায়। ২০১৮ সালে সুরেশ রায়না ও মণিশ পাণ্ডের জন্য মাঠে পানি বয়েছিলেন ধোনি।
বিরাট কোহলি
ধোনির পথ অনুসরণ করেছিলেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও। ২০১৭ সালে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল। চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ জিতে নিয়েছিল ভারত। কাঁধে চোট পাওয়ার কারণে চতুর্থ টেস্টে ছিটকে গিয়েছিলেন বিরাট কোহলি। সেই টেস্টেই দলের সতীর্থদের জন্য ওয়াটারবয় হয়ে গিয়েছিলেন কোহলি।
সরফরাজ আহমেদ
২০১৬ সালে পাকিস্তান দলের অধিনায়ক হয়েছিলেন সরফরাজ আহমেদ। তার নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে পাকিস্তান। গত বিশ্বকাপেও পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপ পরবর্তী পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জন্য সরফরাজকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সরফরাজই ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে পানি টেনেছেন। ৭১তম ওভারে শাদাব খানের জুতা নিয়েও মাঠে আসতে দেখা গিয়েছিল তাকে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
তার নামটি এই লিস্টে না রাখলেই যেন বড্ড বেমানান ঠেকে। সারা বিশ্বকে অবাক করে দিয়ে মাঠে অজি ক্রিকেটারদের জন্য ওয়াটারবয় হিসেবে দেখা গিয়েছিল সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসনকে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ এবং শ্রীলঙ্কার মধ্যে একটি প্র্যাকটিস ম্যাচ খেলা হচ্ছিল। সেই ম্যাচেই এমন কাণ্ড ঘটিয়েছিলেন স্কট।