প্রকোপ বাড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে

করোনা মহামারীর বিস্তার অব্যাহত রয়েছে। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল ছাড়া বিশ্বের অন্যান্য এলাকায় ভাইরাসটিতে সংক্রমণ ও মৃত্যুর হার ধীর হয়ে এসেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত সোমবার রাতে বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, করোনায় এখনো সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আমেরিকা। গত সপ্তাহে বিশ্বে করোনায় ৩৯ হাজার ২৪০ জনের প্রাণহানি হয়, যার ৬২ শতাংশই আমেরিকায়। একই সঙ্গে বিশ্বে গত সপ্তাহে আক্রান্তদের প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রের।

গতকাল মঙ্গলবার পর্যন্ত বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ২ কোটি ৩৭ লাখের বেশি মানুষ। আর এ পর্যন্ত মারা গেছে ৮ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত ২৩ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বে ১৭ লাখের বেশি মানুষ সংক্রমিত ও ৩৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। বিশ্বে আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ৪ শতাংশ সংক্রমণ ও ১২ শতাংশ মৃত্যু হ্রাস পেয়েছে।

করোনায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত অঞ্চল দক্ষিণ-পূর্ব এশিয়া। এক সপ্তাহে এ অঞ্চলে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে যথাক্রমে ২৮ ও ১৫ শতাংশ। এ অঞ্চলের বেশিরভাগ সংক্রমণ ও মৃত্যু ভারতে। তবে নেপালেও দ্রুত ভাইরাসটির বিস্তার ঘটছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনা সংক্রমণ আগের সপ্তাহের তুলনায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এ অঞ্চলে করোনায় মৃত্যু টানা ছয় সপ্তাহের মতো কমে এসেছে। আগের সপ্তাহের তুলনায় লেবানন, তিউনিশিয়া ও জর্ডানে সংক্রমণ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে।

আফ্রিকা মহাদেশজুড়ে সংক্রমণ ও মৃত্যু গত সপ্তাহে যথাক্রমে ৮ এবং ১১ শতাংশ হারে কমেছে। আলজেরিয়া, কেনিয়া, ঘানা, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকায় সংক্রমণ কমে এসেছে।

ইউরোপীয় অঞ্চলে সংক্রমণ টানা তিন সপ্তাহ ধরে বৃদ্ধি পেয়েছে। তবে গত সপ্তাহে এ অঞ্চলে সংক্রমণ মাত্র ১ শতাংশ কমেছে। ইউরোপে করোনায় মৃত্যু ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে।

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে করোনায় নতুন সংক্রমণ কমেছে ৫ শতাংশ। প্রাণঘাতী করোনার প্রকোপ এই অঞ্চলের জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন এবং ভিয়েতনামে কমছে। তবে ব্যতিক্রম দক্ষিণ কোরিয়া। দেশটিতে গত সপ্তাহে করোনা সংক্রমণ ১৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।