কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে আবারও চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের করা মামলার এ সাক্ষীকে গ্রেপ্তার করেছিল।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস। এর আগে গত ২০ আগস্ট মামলার এ আসামির প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়েছিল। মামলার তদন্তের স্বার্থে আরও তথ্য জানার জন্য ফের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেন জানিয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের এএসপি খাইরুল ইসলাম।
খাইরুল ইসলাম বলেন, ‘সিনহা মামলার আসামিদের মধ্যে এই তিনজন পাবলিক। এর আগে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলাম। তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছি। কিন্তু অন্য আসামিদের দেওয়া তথ্যের সঙ্গে আজকের রিমান্ডপ্রাপ্ত আসামিদের তথ্য মিলিয়ে দেখার জন্য মূলত রিমান্ড নেওয়া। যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এবং নিরীহ লোক কষ্ট না পায় এবং দোষীরা সাজা পায়।’