সোনাগাজী উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় একজন জনপ্রতিনিধিও উপস্থিত হননি। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে পুলিশ প্রশাসনের অপ্রকাশ্য বিরোধের জেরে দলীয় সিদ্ধান্তে এমন ঘটনা ঘটে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জনপ্রতিনিধি।
উপজেলা চেয়ারম্যান, মেয়রের জন্য আসন খালি রেখেই আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এতে শুধুমাত্র সরকারি কর্মকর্তারাই অংশগ্রহণ করেন।
জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে এদিন মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবের সভাপতিত্বে সভায় শুধুমাত্র উপজেলা পর্যায়ের কর্মকর্তারা ও থানার ওসি উপস্থিত ছিলেন।
তবে সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন জানান, তারা অসুস্থতার জন্য সভায় যেতে পারেননি। তবে বিষয়টিকে অজুহাত হিসেবে দেখছে প্রশাসনের দায়িত্বশীল সূত্র।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন জানান, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে কয়েকজন জনপ্রতিনিধির নামে হয়রানিমূলক মামলা হয়েছে। তাই দলের সিদ্ধান্তে জনপ্রতিনিধিরা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, সভা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্তসমূহ সবাইকে জানিয়ে দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তে জনপ্রতিনিধিরা সভায় যোগ দেয়নি এমন কোন খবর তিনি অবগত নন বলে জানান। তিনি বলেন, পরপর ৩টি সভায় উপস্থিত না থাকলে আমরা তাদের নোটিশ করব।