পদ্মা ও যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
বুধবার বিকেল পর্যন্ত ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণ্যিজ্য) মো. মহিউদ্দিন রাসেল জানান, বর্তমানে ১৭টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। স্রোতের কারণে সময় বেশি লাগায় দিনভর যানবাহনের চাপ ছিল। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পাটুরিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক এবং অর্ধ শতাধিক ব্যক্তিগত ও যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।
এদিকে নদীতে উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে গতকাল সকাল ১০টা থেকে লঞ্চ পারাপার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পাটুরিয়া লঞ্চ ঘাট সমিতির ব্যবস্থাপক পান্না লাল নন্দী জানান, এই রুটে ১৬টি লঞ্চ চলাচল করে। নদীতে ঢেউয়ের কারণে ঝুঁকিপূর্ণ হওয়ায় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।