‘ফুলবাড়ী চুক্তি’ বাস্তবায়নের দাবি

ঠাকুরগাঁওয়ে পালিত হলো ফুলবাড়ী দিবস। দিনটি পালন করতে জেলা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি বুধবার দুপুরে শহরের চৌরাস্তা থেকে মিছিল বের করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করে কমিটির নেতারা।

সভায় বক্তারা বলেন, ১৪ বছর আগে ২৬ আগস্ট ফুলবাড়ীর জনগণ বিদেশি কোম্পানি এশিয়া এনার্জির উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের চক্রান্তর বিরুদ্ধে ও জাতীয় সম্পদ রক্ষায় জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল।

এশিয়া এনার্জি (জিসিএম)-কে দেশ থেকে বহিষ্কারসহ ‘ফুলবাড়ী চুক্তি’র পূর্ণ বাস্তবায়ন, ফুলবাড়ী নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, রামপাল-রূপপুরসহ প্রাণবিনাশী স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ প্রকল্প বাতিল করে করোনা মোকাবিলাসহ সর্বজনীন স্বাস্থ্যসেবা খাত প্রতিষ্ঠা, উত্তরবঙ্গসহ সারা দেশে সুলভে সার্বক্ষণিক গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করতে জাতীয় কমিটি প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয় ।

এ সময় বক্তব্য দেন জেলা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক রেজওয়ানুল হক রিজু, সদস্যসচিব মাহাবুবুর আলম রুবেল, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।

পরে ফুলবাড়ী ট্র্যাজেডির নিহতদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির নেতারা।