পটুয়াখালীর দুমকিতে দায়দেনা পরিশোধ করতে না পেরে কাইউম সিকদার (৩০) নামের এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার চরগরবদি গ্রামের নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরগরবদি গ্রামের মৃত রফিক সিকদারের ছেলে কাইউম সিকদার নানা কারণে দায়দেনাগ্রস্ত হয়ে বেশ কিছুদিন এলাকার বাইরে অবস্থান করছিলেন।
সস্প্রতি গ্রামের বাড়িতে ফেরার পর পাওনাদাররা টাকার জন্য চাপ দেন। এ নিয়ে পরিবারে কলহ বিরাজ করছিল। পাওনা পরিশোধের জন্য পৈতৃক জমি লিখে নেওয়া হলেও দেনা শোধ হয়নি। এতে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সবার অগোচরে কীটনাশক পান করেন তিনি। পরিবারের লোকজন টের পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দুমকি থানা-পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।