জামালপুরে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

জামালপুরে দেয়াল চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক নির্মাণ শ্রমিক।

বৃহস্পতিবার বিকেলে শহরের পশ্চিম নয়াপাড়া এলাকায় পুরাতন বিল্ডিং ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকায় সুজাত আলী মণ্ডলের পুরাতন বিল্ডিং ভাঙার কাজ করছিলেন ৩ নির্মাণ শ্রমিক। বিকেল সাড়ে ৪টার দিকে ওই বিল্ডিং এর পিলারসহ দেয়াল ভেঙে নির্মাণ শ্রমিক আলমগীর ওরফে ডিপজলের মাথার ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মো. মজিদ (২১) নামে আরেক নির্মাণ শ্রমিক আহত হলে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আলমগীর ওরফে ডিপজল (১৮) শেরপুর জেলার বাঘলদি এলাকার মৃত খলিল মিয়ার ছেলে।  

অপরদিকে, জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, বেলা সাড়ে ৩ টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনের বন্দেরবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬৫) বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীর তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়।