বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি চট্টগ্রামের সাবেক মেয়র নাছিরের

বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘একের পর এক ন্যক্কারজনক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব বিধ্বংসী একটি দল। এ দেশে তাদের রাজনীতি করার যোগ্যতা নেই। আমি সরকারের কাছে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা এবং রাজনৈতিক দলের তালিকা থেকে বিএনপিকে বাদ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

বৃহস্পতিবার সকালে নগরীর ৭নং পশ্চিম ষোলশহর, ৮নং শুলকবহর ও ৪৩নং আমিন জুট মিল সাংগঠনিক ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আ জ ম নাছির বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি ’৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। সেই অপশক্তি পরবর্তী সময়ে জিয়াউর রহমানকে ক্ষমতার মসনদে বসিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জাতীয় চার নেতাসহ হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করিয়েছে। এই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের শুধু আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তা নয়। বিদেশের দূতাবাসে চাকরি দিয়ে তাদের পুরস্কৃতও করেছেন। তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে স্বামীর দেখানো পথে হেঁটেছেন।’

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।