চেক প্রতারণা মামলায় বিএম কলেজ ছাত্রলীগ আহ্বায়কের বিরুদ্ধে পরোয়ানা

চেক প্রতারণা মামলায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক গাজী তৌকির রহমান শুভর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক পলি আফরোজ এ নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আহাদ আলী খান জানান, বাদী কাজী আতিকুর রহমানের সঙ্গে আসামি শুভর বন্ধুত্বপূর্ণ এবং ব্যবসায়িক সম্পর্ক ছিল। ব্যবসায়িক প্রয়োজনে ২০১৮ সালের ২৬ ফেব্রম্নয়ারি থেকে একই বছরের ২০ জুলাই পর্যন্ত আতিকের কাছ থেকে শুভ তার ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৫ লাখ টাকা নেন। পরবর্তী সময়ে আতিক টাকা ফেরত চাইলে শুভ টালবাহানা করে। ২০১৯ সালের ১৩ অক্টোবর মার্কেন্টাইল ব্যাংক সাভার হেমায়েতপুর শাখায় শুভ তার নিজস্ব হিসাব নম্বরের অনুকূলে আতিকের মেসার্স সুরাইয়া কনস্ট্রাকশনের নামে ৫৫ লাখ টাকার একটি চেক দেন। ১৪ অক্টোবর মার্কেন্টাইল ব্যাংকে চেক জমা দেওয়া হলেও পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক ওই চেক ফেরত দেয়। ১৫ অক্টোবর আতিক আইনজীবীর মাধ্যমে শুভকে আইনি নোটিস দেন। শুভ নোটিসের জবাব না দেওয়ায় একই বছরের ১ ডিসেম্বর আতিক বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রতারণার মামলা করেন।

বিচারক ওইদিনই শুভকে আদালতে হাজির হওয়ার সমন জারির নির্দেশ দেয়। আদালতে হাজির না হওয়ায় বিচারক শুভর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মুঠোফোনে শুভ বলেন, আতিকের সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন আছে। আতিক ৫৫ লাখ টাকায় পায়। আমিও তার কাছে টাকা পাই। বিষয়টি সুরাহা করার জন্য বিভিন্ন সময় তাগাদা দিলেও আতিক সমঝোতা না করে মামলা করে দিয়েছে। আইনগতভাবে মামলা মোকাবিলা করা হবে।