বিদেশিদের জন্য নিয়মকানুন সহজের তাগিদ

করোনাপরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে বিদেশি শিল্প-কারখানা স্থানান্তরের সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এ সুযোগ কাজে লাগাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালুর পাশাপাশি অন্যান্য নিয়মকানুন সহজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও করপোরেশনের প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রকল্পের পরিচালকরা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল শ্রমশক্তি, অভ্যন্তরীণ বিশাল বাজার এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত ও দূরদর্শিতা তৃণমূল পর্যায়ে জনগণের মনোবল চাঙ্গা করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকা- ও শিল্পোৎপাদন কার্যক্রম গতিশীল হয়েছে। বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্যের ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনেও সাফল্যের স্বাক্ষর রাখবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাদের জন্য বিসিক শিল্পনগরী এবং বিদেশি উদ্যোক্তাদের জন্য চিনিকলের অব্যবহৃত জমিতে শিল্প স্থাপনের সুযোগ করে দিয়ে অর্থনৈতিক কর্মকান্ড চাঙ্গা করতে হবে।

বর্তমান সরকার দেশেই নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে অটোমোবাইল শিল্পনীতি হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও আমদানি বিকল্প পণ্য উৎপাদনে হালকা প্রকৌশল শিল্প খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো হবে।