ব্রাহ্মণবাড়িয়ায় ভাইবোন হত্যার রহস্য উদঘাটন

ভগ্নিপতির থাপ্পড়ের প্রতিশোধ নিতে ভাগনে-ভাগনিকে খুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কামরুল ইসলাম (১০) ও শিফা আক্তার (১৪) নামে দুই ভাইবোনকে গলা কেটে হত্যা করেছে মামা বাদল মিয়া (৩৫)। গত বুধবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, ভগ্নিপতির থাপ্পড়ের প্রতিশোধ নিতে বাদল ভাগনে-ভাগনিকে খুন করেছে। বাদল কুমিল্লার হোমনা থানার খোদে দাউদপুরের মৃত আবদুর রবের ছেলে।

পুলিশ জানায়, ব্যাপক জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করেছে বাদল। একই সঙ্গে গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেনের আদালতেও সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে গত সোমবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার সালিমাবাদ গ্রামের নিজ বাড়ির পৃথক দুটি কক্ষের খাটের নিচ থেকে প্রবাসী কামাল উদ্দিনের ছেলে কামরুল ও মেয়ে শিফার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, বাহরাইনপ্রবাসী বাদল গত মার্চে দেশে আসে। গোষ্ঠীগত দাঙ্গার একটি মামলায় আসামি হওয়ায় সে বাঞ্ছারামপুরে বোন হাসিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেয়। প্রবাসে থাকাকালে দোকান করার জন্য ভগ্নিপতি কামালের থেকে ১৩ লাখ টাকা ধার নেয় সে। ৩ লাখ ফেরত দিলেও বাকি টাকার জন্য কামালের সঙ্গে মনোমালিন্য চলছিল তার। এর জেরে সপ্তাহখানেক আগে বাদলকে থাপ্পড় মারেন কামাল। এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে বাদল। গত সোমবার দুপুর ২টার দিকে কামরুল বাদলের রুমে যায়। তখন ভাগনের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে। পরে লাশ খাটের নিচে লুকিয়ে রাখে। শিফা রুম ঝাড়ু দিতে গিয়ে দেখে ফেললে তাকেও বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করে।

পুলিশ জানায়, ওইদিন মাগরিবের আজানের পর কামরুলকে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর শিফাকেও দেখতে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। তখন বাদলকে নিয়ে বাঞ্ছারামপুর ফেরিঘাট এলাকায় দুজনকে খুঁজতে যান কামাল। কিন্তু ভগ্নিপতিকে না বলেই বাদল পালিয়ে যায়। পরে গত মঙ্গলবার রাতে রাজধানীর সবুজবাগ থানার গোড়ান থেকে বাদলকে আটক করে পুলিশ। এ ঘটনায় কামাল বুধবার বাদলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, মামলার তদন্তকাজ নতুন করে শুরু হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের একমাত্র আসামি বাদল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তারা দ্রুততার সঙ্গে মামলার অভিযোগপত্র তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।