নজরুলের লেখায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য লড়ছি : রিজভী

নজরুলের লেখায় উদ্বুদ্ধ হয়ে আজও আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন এখন দিনের বেলায় হয় না, সে নির্বাচন চলে গেছে রাত্রে। এই যে এত বড় একটা অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে আজও আমরা কথা বলছি, সত্য বলছি নজরুল ইসলামের অনন্য কীর্তিগুলো আছে বলেই। তার কালজয়ী, কালোত্তীর্ণ লেখাগুলো আছে বলেই আজও আমরা উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করছি।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যখন আমরা মিছিল করব, কবি নজরুল ইসলামের জীবন আমাদেরকে প্রভাবিত করে। যখন সত্য উচ্চারণ করব, তখনো তার জীবন আমাদেরকে প্রভাবিত করে। গণতন্ত্রের কথা বললে যখন আমাদের গ্রেপ্তার করা হয়, তখন কাজী নজরুল ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে স্বেচ্ছায় নির্যাতন ভোগ করতে। নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের উদ্বুদ্ধ করে।’

রিজভী বলেন, ‘আপনারা দেখেছেন নির্বাচন কমিশন (ইসি) তার যে কার্যক্ষমতা সেই ক্ষমতাটা দিয়ে দিচ্ছে সরকারের হাতে। সেজন্য একজন ইসি প্রতিবাদ করেছেন, নোট অব ডিসেন্ট দিয়েছেন। আরপিওর মধ্যে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য তাদের যে ক্ষমতা রয়েছে, সেটা আলাদাভাবে আইন করে সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া হচ্ছে। এখনই তো পুরোপুরিভাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা পরিচালনা করছেন ইসি তারা তো সরকারের বাইরে এমনিতেই এক ধাপও যান না, তারপরও নিশ্চিত হতে পারছে না সরকার।’