যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্রাটের বিরুদ্ধে দুদকের করা মামলায় তার স্ত্রীকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। এর আগে সম্রাটের ভাই ফরিদ আহমেদ চৌধুরীকেও একই অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে দুদকের প্রধান কার্যালয়ের সামনে শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তাদের পরিবার নানামুখী ষড়যন্ত্রের শিকার। কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাকে ডাকা হয়েছিল, এসেছি। কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা দুদক কর্মকর্তারা বলবেন।’
সম্রাটের অবৈধ টাকায় তার নামে সম্পদ গড়ে তোলা হয়েছেএমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে শারমিন চৌধুরী বলেন, ‘সম্রাট ও আমিসহ পরিবারের সদস্যরা সবাই ষড়যন্ত্রের শিকার।’ তবে কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত সাংবাদিকদের বলেন, ‘২০১৯ সালের নভেম্বরে অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে দুদক মামলা করেছে। এই মামলায় তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছেন।’ তবে সম্রাটের ভাই ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে কী ধরনের তথ্য পাওয়া গেছে তা জানাননি দুদক সচিব।
গত বছরের ৬ অক্টোবর সম্রাটকে তার সহযোগী আরমানসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ক্যাসিনোর কারবার করে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। সম্রাট বর্তমানে কারাবন্দি আছেন।