কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে তরুণের মৃত্যু

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে রূপন তঞ্চঙ্গ্যা (৪৫) নামে এক তরুণ মারা গেছেন। তিনি রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মনি তঞ্চঙ্গ্যার ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রূপন তঞ্চঙ্গ্যা বাজার করে রাইখালী কারিগরপাড়া পুনর্বাসন এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে তাকে বন্য হাতি আক্রমণ করে। পরে তাকে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথে রূপন তঞ্চঙ্গ্যা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, রূপনের মরদেহ ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।