প্রথম সন্তানের মা হলেন কেটি পেরি

দুনিয়াজোড়া খ্যাতি পাওয়া পপ গায়িকা কেটি পেরির ইন্সটাগ্রাম পোস্টে আগে দেখা যেত দুজনের ছবি; কেটি ও তার প্রেমিক অরল্যান্ডো ব্লুমের। কিন্তু গত বৃহস্পতিবারের ছবিতে যুক্ত হয়েছে নতুন আরেকজন। এই নতুন অতিথির আগমনে ভালোবাসার সাগরে ভাসছেন তারা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের মেয়ের নিরাপদ ও স্বাস্থ্যকর আগমনে ভালোবাসা এবং বিস্ময়ে ভাসছি আমরা।’ নতুন অতিথির নাম রেখেছেন ডেইজি ডাভ ব্লুম। প্রথম সন্তানের নাম কী হবে তার ইঙ্গিত দিয়েছিলেন কেটি আগেই। তার একটি গানের শিরোনাম ‘ডেইজিজ’ থেকেই সবাই বুঝে নিয়েছিল, নাম হবে ডেইজি। এ করোনার সময়ে নবজাতকের স্বাস্থ্য নিয়ে চিন্তার শেষ থাকে না। সেখানে সবকিছু ঠিকঠাক থাকায় আনন্দ যেন ধরছে না এ তারকা জুটির পরিবারে। শুধু তাই নয়, কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম সামাজিক যোগাযোগামাধ্যমে তৈরি করেছেন একটি অনুদান পেজ, ডেইজির নামে। যেখান থেকে নতুন মা ও তার নবজাতককে সহায়তা করা হবে।

২০১৬ সালের জানুয়ারিতে শুরু হয় কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের প্রেম। কেটি পেরি এই প্রথম মা হলেন। তবে অরল্যান্ডো ব্লুম ৯ বছর আগেই পেয়েছেন প্রথম বাবা হওয়ার স্বাদ। সাবেক স্ত্রী, মডেল মিরান্ডা কেরের ঘরে ৯ বছর বয়সী তার একটা ছেলে সন্তান রয়েছে। আর রাসেল ব্রান্ডের সঙ্গে ২০১২ সালে ঘর ভেঙে যাওয়ার পর কেটি পেরি প্রেম করেছেন আরেক সংগীতশিল্পী জন মেয়ারের সঙ্গে। সেই সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ায়। কিন্তু বিয়েটা আর হয়নি। আবার হৃদয় ভাঙে কেটির। তারপর সেই ভাঙা হৃদয় জোড়া লাগাতে কেটির জীবনের রঙ্গমঞ্চে আসেন প্রখ্যাত হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। এক দিন অতীত হয়ে যান ‘টোয়ালাইট’ মুভির এ তারকাও। ২০১৬ সাল থেকে কেটির মন দেওয়া-নেওয়া চলছে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কেটিকে ভ্যালেন্টাইনস ডের পার্টিতে হীরার আংটি পরিয়ে দেন ‘ট্রয়’ তারকা অরল্যান্ডো ব্লুম। এভাবে নিজেদের তিন বছরের সম্পর্ককে পোক্ত করে আরেকটু এগিয়ে নেন তারা। হয়তো সামনে মেয়ে কোলে বিয়ের বড় খবরও দেবেন এ তারকা জুটি। কারণ ‘নেভার ওর্ন হোয়াইট’ গানেই চিৎকার করে সেই আভাস দিয়েছেন কেটি। গেয়েছেন, ‘সাদা গাউনে সাজা হয়নি কোনো কালে, এখনই বোধহয় সঠিক সময়, তুমি এলে বলে।’