ছোট ভিডিও বানানোর অ্যাপ টিকটকের শীর্ষ পদ অর্থাৎ প্রধান নির্বাহী অফিসার হিসেবে অন্তর্বর্তী চুক্তিতে দায়িত্ব গ্রহণ করেছেন অস্ট্রেলিয়ান প্রযুক্তিবিদ ভেনেসা পাপাস। বৃহস্পতিবার চীনের মালিকানাধীন অ্যাপটির দায়িত্ব থেকে সাবেক প্রধান নির্বাহী কেভিন মেয়ার সরে দাঁড়ানোর পর এ দায়িত্ব পান তিনি। পাপাস আগে ইউটিউবের এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। টিকটকে যুক্তরাষ্ট্রের জেনারেল ম্যানেজার হিসেবেও সাফল্য দেখান তিনি। পাপাস দায়িত্ব নেওয়ার পর বলেছেন, ‘আমাদের বৈশ্বিক কমিউনিটি খুব শক্তিশালী ও প্রাণবন্ত। প্রতিদিন মানুষের যে ক্রিয়েটিভিটি দেখি, তাতে উৎসাহ পাই। টিকটকের ভবিষ্যৎ উজ্জ্বল।’
আমেরিকায় টিকটক নিষিদ্ধের তোড়জোড় শুরু হওয়ায় বাইটড্যান্স বেশ চাপে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে সই করেন। আদেশে জানান, সেপ্টেম্বরের ভেতর চীনা কোম্পানি বাইটড্যান্সকে তাদের টিকটক অ্যাপের ইউএস ভার্সন হয় বিক্রি করতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। পরে সময়সীমা বাড়িয়ে ১২ নভেম্বর পর্যন্ত করেন। এমন পরিস্থিতে দায়িত্ব ছাড়েন মেয়ার।