অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। এর আগে দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ-৩ আদালতে তাদের হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তামান্না ফারাহর আদালত রিমান্ড মঞ্জুর করে।
এদিকে এদিন অ্যাডভোকেট আহসানুল হক হেনার নেতৃত্বে একটি আইনজীবী প্যানেল চট্টগ্রাম থেকে আদালতে হাজির হয়ে ওসি প্রদীপসহ তিনজনের জামিন আবেদন করেন। একই সঙ্গে রিমান্ড বাতিলেরও আবেদন করেন। দীর্ঘ শুনানির পর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আবেদন দুটি নাকচ করে জামিন নামঞ্জুর করেন এবং প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘মামলাটি খুবই স্পর্শকাতর। তাই অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রয়োজন। আসামিদের চার দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তিনিশ্চিত করা।’
এর আগে দুপুরে মেজর (অব.) সিনহা হত্যা মামলার মূল আসামি ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালের দ্বিতীয় দফা রিমান্ড শেষ করে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে র্যাব। গত ২৪ আগস্ট এ তিন আসামির দ্বিতীয়বারের মতো রিমান্ড মঞ্জুর করেছিল কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত।