কলমাকান্দায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে খালে, চালক নিহত

পাথরভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে লরির চালক নিহত ও হেলপার আহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত লরি চালক রবি হোসেন (২৫) পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের চারখাল গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। আহত হেলপার একই এলাকার কালাচাঁনের ছেলে নুরুল ইসলাম (২৭)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে দুর্গাপুর থেকে পাথরভর্তি একটি লরি কলমাকান্দার চান্দুয়াইল ব্রিজ নামক এলাকায় আসলে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের পানিতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। পরে ট্রিপল নাইনে খবর পেয়ে রাতেই কলমাকান্দা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। খাল থেকে লরিসহ চালকের লাশ ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

কলমাকান্দার ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ৯৯৯ কল পেয়ে আমার ঘটনাস্থলে এসে লরিসহ চালকের লাশ ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করি। আহত লরির হেলপাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধারের পরপরই অভিযোগ না থাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরে আলম লরি চালকের লাশ নিহতের বাবার কাছে হস্তান্তর করেছে বলে তিনি জানান।