নবাবগঞ্জে আ.লীগের পক্ষ থেকে বন্যাদুর্গতদের খাদ্যসহায়তা

শিশু শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমানের পক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্যসহায়তা করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বক্সনগর ইউনিয়নের চরদিঘীরপাড় এলাকায় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে চাল, আলু, পেঁয়াজ, তেল, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য বিতরণকালে তরুণ বলেন, মহামারি করোনাকালেও আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী ঘরে বসে ছিল না এখনো নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের যেকোনো পরিস্থিতিতে আমরা জনগণের পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, আওয়ামী লীগ নেতা বার্নার্ড তপন গমেজ, শাহীদ খান, সুজন বাবু, সেলিম খান প্রমুখ।