বৈঠক ডেকেছে অর্থ বিভাগ

পাটকলশ্রমিকদের হিসাব জমা দিয়েছে বিজেএমসি

বন্ধ হয়ে যাওয়া ২৫ পাটকলের নিয়মিত ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া পরিশোধের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি)। বিজেএমসির চেয়ারম্যান মো. আবদুর রউফ অর্থ বিভাগের ৫ সদস্যের কমিটির প্রধানের কাছে এ প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগের গঠিত কমিটি হিসাব যাচাই-বাছাই করতে সভা ডেকেছে। আগামী সোমবার অর্থ মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বিজেএমসি জানায়, গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় অবসায়ন হওয়া শ্রমিকরা গ্র্যাচুটিসহ সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে শুরু করে ৫৪ লাখ টাকা পর্যন্ত পাবেন। এ ছাড়া নিয়মমাফিক অবসরে যাওয়া শ্রমিকরাও তাদের পেনশনের টাকা পাবেন। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গঠিত কমিটির একজন সদস্য বলেন, বিজেএমসির শ্রমিকদের পাওনার হিসাব গেল সপ্তাহে আমরা হাতে পেয়েছি। এখন এটি যাচাই-বাছাই করে দেখা হবে সব ঠিক আছে কি না। এ জন্য বৈঠক ডাকা হয়েছে।

অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুরউদ্দীন আল ফারুক স্বাক্ষরিত এক চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিজেএমসির মিলের স্থায়ী ও অবসরপ্রাপ্ত কর্মীদের হিসাব যাচাই-বাছাইয়ে গঠিত কমিটির সভা অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহের সভাপতিতে অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে।