সৈয়দপুরের গৃহবধূকে খুনের আগে ধর্ষণ

সুইসাইড নোটের সূত্র ধরে হত্যার রহস্য উদঘাটন

নীলফামারীর সৈয়দপুরের গৃহবধূ আকলিমা বেগম (২৫) আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা করা হয়েছে। ওই গৃহবধূর মরদেহ উদ্ধারের সময় পাওয়া একটি সুইসাইড নোটের সূত্র ধরে হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে বলে দাবি করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। গতকাল শনিবার দুপুরে তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ওই দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মৎস্য খামারের পেছনের বাঁশঝাড় থেকে গত ২৩ আগস্ট সকালে এক নারীর মরদেহ উদ্ধার হয়। মরদেহের কোমরে পাওয়া সুইসাইড নোটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’। পুলিশ জানতে পারে পারিবারিক কলহের কারণে স্বামী শরিফুল ইসলাম সন্তানদের রেখে ঘটনার ১২ দিন আগে আকলিমাকে বাড়ি থেকে বের করে দেন। পরে কামারপুকুর মৎস্য খামার এলাকায় একই গ্রামের কাঙ্গালু পাড়ার আনারুল ইসলাম, শুভ ও হৃদয় তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালান। সে চেষ্টায় আনারুল নিজ হাতে সুইসাইড নোট লিখে আকলিমার কোমরে গুঁজে দেন।