সেক্টর কমান্ডার সি আর দত্তের মরদেহ আসবে কাল-পরশু

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও অধুনালুপ্ত বিডিআরের (বর্তমানে বিজিবি) প্রতিষ্ঠাতা মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সি আর দত্তর মরদেহ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আগামীকাল সোম বা মঙ্গলবার দেশে আসার কথা রয়েছে। গতকাল শনিবার সি আর দত্তকে শ্রদ্ধা জানাতে গঠিত ‘জেনারেল দত্ত জাতীয় নাগরিক কমিটি’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জানান, শেষ কৃত্যানুষ্ঠান সর্বোচ্চ সামরিক সম্মাননা ও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সি আর দত্তর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রপ্রবাসী বড় মেয়ে মহুয়া দত্ত, ছেলে চিরঞ্জীব দত্ত ও ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত কাতার এয়ারলাইনসে এবং কানাডাপ্রবাসী মেজো মেয়ে চয়নিকা দত্ত ও তার স্বামী রণি প্রান্টিস এমিরেটস এয়ারলাইনসে ৩১ আগস্ট সোমবার যথাক্রমে ভোররাত ২টা ও সকাল ৯টায় ঢাকায় পৌঁছাবেন। তিনি আরও জানান, জেনারেল দত্তের মরদেহ পরিবারের সঙ্গে আনার চেষ্টা চলছে। তবে এটি সম্ভব না হলে এমিরেটস এয়ারলাইনসে পরদিন ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে মুক্তিযোদ্ধা সি আর দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ্কে আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী শাহ্রিয়ার কবীরকে সদস্য সচিব করে ১০০১ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় ২৫ আগস্ট মঙ্গলবার সকাল) মারা যান সি আর দত্ত (৯৩)। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য কৃতিত্ব ও অবদানের জন্য দেশ স্বাধীন হওয়ার পর তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে সরকার।