শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে রাতে ফেরি চলাচল বন্ধ

নাব্য সংকট, তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে শিমুলিয়া ঘাট কর্র্তৃপক্ষকে তিনি এ নির্দেশ দেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদেরও একই কথা জানান প্রতিমন্ত্রী। দেশ রূপান্তরের মুন্সীগঞ্জ প্রতিনিধি বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলামের বরাতে জানিয়েছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গতকাল শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘাট কর্র্তৃপক্ষকে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা ওই রুটে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। 

শফিকুল ইসলাম জানান, গতকাল ভোররাতে নাব্য সংকটের কবলে পড়ে লৌহজং চ্যানেলের মুখে কাঁঠালবাড়ী যাওয়ার পথে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে। সেখানে উদ্ধারকাজ দেখে নাব্য সংকটের কারণে প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানিয়েছেন।

এদিকে এরপর দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, নদীতে অতিরিক্ত স্রোতের মধ্যে পদ্মা সেতুর কাজ চলছে। স্রোতের কারণে সেতুতে স্প্যান বসানো যাচ্ছে না, ফেরিগুলো চরে আটকে যাচ্ছে। আশংকা করা হচ্ছে রাতে যদি ফেরি চলাচল চালু থাকে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরকার চায় না কোনো কারণে পদ্মা সেতুর কর্মকা- ব্যাহত হোক। তাই পদ্মা সেতুর নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

নৌ প্রতিমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আবু জাফর মো. জালালউদ্দিন ও গোপালগঞ্জ জেলা আওয়ামী নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পাটগাতী লঞ্চঘাট পরিদর্শন করেন।