নিউ ইয়র্কে জুমার নামাজে ‘বাইক হামলা’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি মসজিদে মোটরবাইক হামলায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। গত শুক্রবার জুমার নামাজ চলাকালীন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের আওতাধীন জামে মসজিদে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী এক কৃষ্ণাঙ্গ যুবককে আটক করেছে বলে জানিয়েছে বিবিসি।

নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের আওতাধীন জামে মসজিদের মুসল্লিরা জানান, শুক্রবার বেলা ১টার দিকে জুমার নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছিলেন। মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় এবং করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে নামাজের জন্য মুসল্লিরা ফুটপাত ও রাস্তায় অবস্থান নেন।

নামাজ শুরু হওয়ার আগেই মোটরসাইকেল আরোহী এক কৃষ্ণাঙ্গ যুবক উত্তেজনাকর কথা বলতে থাকে। একপর্যায়ে মুসল্লিদের ওপর মোটরবাইক উঠিয়ে দেয় সে। এতে কয়েকজন মুসল্লি আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে মুসল্লিরা হামলাকারীকে ঘিরে রেখে পুলিশ খবর দেন।

বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই এবং উত্তেজিত মুসল্লিদের কবল থেকে পুলিশ কৃষ্ণাঙ্গ যুবকটিকে তাদের হেফাজতে নেয়। হামলাকারী যুবকের নাম-পরিচয় জানা যায়নি। আহত মুসল্লিরা চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।