নরসিংদীতে ডাকাতির টাকার ভাগ বাঁটোয়ারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আমির হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন শহরতলির চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজউদ্দিনের ছেলে।
এ ঘটনায় শাহিন মোল্লা ওরফে পেট কাটা শাহিন ওরফে কবির হোসেন (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত শাহিন রায়পুরা থানার রাজনগর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে।
নিহতের পরিবারের জানায়, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সাথে প্রতিপক্ষ শাহিনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোরে শাহিন ফোন করে আমির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। শহরের খালপাড় কলেজ রোডে এলাকায় তারা দেখা করেন। পরে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে আমির হোসেনকে গুলি করে পালিয়ে যায় শাহিন।
নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শাহিন ও নিহত আমির দীর্ঘদিন যাবৎ দলগতভাবে ডাকাতি করে আসছিল। তাদের মধ্যে ডাকাতির টাকা ভাগ বাঁটোয়ারা নিয়ে রবিবার সকালে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে আমির হোসেনকে গুলি করে শাহিন। আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ হত্যার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ শাহিন মিয়াকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ও একটি অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এর আগেও গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে।