চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার গজরা বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিজান (১৮) মারা যান। সিজানের বন্ধু আরেক মোটরসাইকেল আরোহী রাহিমকে (১৭) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা নেওয়া পথে তিনিও মারা যান।
নিহত সিজান মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের মানিক বেপারীর ছেলে। রাহিম একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লবণবোঝাই কাভার্ডভ্যানটি ঢাকা থেকে মতলব উত্তরের ছেংঙ্গারচর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গজরা বাজারের দক্ষিণ দিকে সোনা মিয়া মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মতলব উত্তর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছে। তবে কাভার্ডভ্যানের হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, এই ঘটনায় নিহত সিজানের মামা মো. কাউসার আহমেদ সুজন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।