সাভারে তুরাগ নদে অবৈধভাবে বালু ভরাটের সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। গত রবিবার রাতে উপজেলার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বাবুল বেপারী (৩৫), সবুজ হাওলাদার (৩৩), হারুনুর রশিদ (২৪), সুমিল সরকার (২৬), শ্রী মলিন (৩৩) ও শ্রী সাগর (৩৩)। তারা বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজার ও বলগেডের শ্রমিক। আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মমিন উদ্দিন এসব তথ্য জানান।
মমিন বলেন, রবিবার রাতে কাউন্দিয়া এলাকার তুরাগ নদের তীরবর্তী এলাকার ভূমি দখলের উদ্দেশে অবৈধভাবে বালু ভরাট করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জমি ভরাটের কাজে জড়িত ছয় শ্রমিককে গ্রেপ্তার এবং দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। নতুন করে কেউ নদের তীর দখল করে বালু ব্যবসা করলে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নৌ-পুলিশ কর্মকর্তা মমিন।