চবি ল্যাবে করোনা সুরক্ষা সামগ্রী দিল চিটাগং এলিটস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে প্রতিষ্ঠিত করোনা টেস্ট ল্যাবে কর্মরত শিক্ষার্থীদের জন্য করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে রোটারি ক্লাব অব চিটাগং এলিটস। ল্যাব ইনচার্জ অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান ও সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখিকে ররিবার এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন চিটাগং এলিটস’র নেতৃবৃন্দ। 

এ সময় রোটারি ক্লাব অব চিটাগং এলিটস’র বর্তমান রোটাবর্ষের সভাপতি রোটারিয়ান মো. নাসির উদ্দীনের নেতৃত্বে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নওশাদ চৌধুরী মিটু, সেক্রেটারি নুর উদ্দীন চৌধুরী রোমেল, ল্যাবের সদস্য ড. এইচ এম আবদুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

ল্যাব ইনচার্জ প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান রোটারি নের্তৃবৃন্দকে করোনা ল্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, রোটারিয়ানরা সামাজিক দ্বায়বদ্ধতা বিনির্মাণে একযোগে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় বিশ্বে প্রায় ৩৫ হাজার রোটারি ক্লাবের মাধ্যমে ১১৬ বছর যাবৎ পোলিও নির্মূল, স্বাস্থ্য ও স্যানিটেশন সেবায় রোটারি অভূতপূর্ব ভূমিকা রেখে আসছে। 

করোনা মহামারির এই বিশেষ মূহুর্তে আলোকিত রোটারিয়ানরা করোনা নির্মূলে অগ্রণী ভুমিকা পালনে আরো যুগান্তকারী ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।