অস্ট্রেলিয়ার বিপক্ষেও টি-টোয়েন্টিতে নেই রুট

পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নেই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। ডাক পেলেন না আসছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। তবে ওয়ানডে সিরিজে আছেন তিনি।

রুট সবশেষ টি-টোয়েন্টি খেলেন গত বছর মে-তে। সম্প্রতি সব ফরম্যাটে ফেরার ইচ্ছার কথা জানালেও তাকে অপেক্ষায় রাখছেন নির্বাচকরা।

সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ১৪ সদস্যের টি-টোয়েন্টি ও ১৩ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দুই ফরম্যাটেই ইংল্যান্ড দলে ফিরেছেন জস বাটলার, জোফরা আর্চার, স্যাম কারেন ও মার্ক উড।

বাবার অসুস্থতার কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝে নিজেকে সরিয়ে দেন অলরাউন্ডার বেন স্টোকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজেই নেই তিনি।

সাইড স্ট্রেইন ইনজুরিতে পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে যাওয়া জেসন রয় কোনো দলেই নেই। তবে দলের সঙ্গে ‘বায়ো সিকিউর’ পরিবেশে থাকবেন এই ওপেনার। ওয়ানডে সিরিজের আগে ফিট হয়ে ওঠলে ফিরতে পারেন দলে।

শুক্রবার শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১১ থেকে ১৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

টি-টোয়েন্টিতে ইংল্যান্ড দল:

ওয়েন মরগান (অধিনায়ক), মইন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, টম কারেন, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ ও মার্ক উড।

ওয়ানডেতে ইংল্যান্ড দল:

ওয়েন মরগান (অধিনায়ক), মইন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, টম কারেন, আদিল রশিদ, জো রুট, ক্রিস ওকস ও মার্ক উড।