দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘দেশে এখন গণতন্ত্র নেই। মানুষের সাংবিধানিক অধিকার নেই। এ অবস্থায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি।’
এদিকে চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। এসব কর্মসূচি থেকে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল সাড়ে ৩টায় এক ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ‘এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে। যে ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা ফ্যাসিজমের কায়েম করেছে, তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং জনগণের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।’
গত ২৫ আগস্ট খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আমরা সবসময় বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জামিনটা তার প্রাপ্য ছিল। আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে।’
এর আগে স্বাস্থ্যবিধি মেনে বেলা ১১টায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুল করীম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ। এ সময় নেতারা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। দেশ ও জাতির শান্তি, দলীয় চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করেন।
বিএনপির পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের মুন্সি বজলুল বাসিত আনজু, আবদুল আলীম নকি প্রমুখ।
পরে একে একে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) বিলুপ্ত করেই বিএনপির যাত্রা শুরু হয়। এই দলের যুক্ত হয়, মশিউর রহমান যাদু মিয়ার ন্যাশনাল আওয়ামী পার্টি, কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টি, শাহ আজিজুর রহমানের নেতৃত্বাধীন মুসলিম লীগ, মাওলানা আবদুল মতিনের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি ও রসরাজ ম-লের নেতৃত্বাধীন বাংলাদেশ তফসিলি ফেডারেশন।
চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী পালন : চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। এসব কর্মসূচি থেকে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। সকালে মহানগর বিএনপির উদ্যোগে সকালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি আলহাজ এম এ আজিজ, মো. মিয়া ভোলা, নাজিমুর রহমান, হারুন জামান, সফিকুর রহমান স্বপন, ইকবাল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।