২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে

দেশে করোনা সংক্রমণ কমলেও এক দিনের ব্যবধানে মৃত্যু ফের বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। একই সময়ে ১ হাজার ৯৫০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।  এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু ছিল ৩৩ এবং শনাক্ত ছিল ২ হাজার ১৭৪ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৯৫০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন হলো। আর গত এক দিনে মারা যাওয়া ৩৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ৩১৬ জনে দাঁড়াল। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৪ জন। ৩২ জন হাসপাতালে এবং ৩ জন বাড়িতে মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। ঢাকায় সবচেয়ে বেশি আর বরিশাল ও সিলেটে কম মৃত্যু হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিভাগে মৃতের সংখ্যা ১৪ জন। ৭ জন চট্টগ্রাম বিভাগে, ৩ জন করে মোট ৬ জন রাজশাহী ও খুলনা বিভাগে, ২ জন বরিশাল বিভাগে, ১ জন করে মোট ২ জন সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং ৪ জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৪ হাজার ৩১৬ জনের মধ্যে ৩ হাজার ৩৮৫ জনই পুরুষ এবং ৯৩১ জন নারী। তাদের মধ্যে ২ হাজার ১৩৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এ ছাড়া ১ হাজার ১৮২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৫৭৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২৬৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১০৫ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৩৬ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ১৯ জনের বয়স ছিল ১০ বছরের কম। ২ হাজার ৮৩ জন ঢাকা বিভাগের, ৯৩৯ জন চট্টগ্রাম বিভাগের, ২৯০ জন রাজশাহী বিভাগের, ৩৫৯ জন খুলনা বিভাগের, ১৬৮ জন বরিশাল বিভাগের, ১৯২ জন সিলেট বিভাগের, ১৯৪ জন রংপুর বিভাগের এবং ৯১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ২৯০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮ হাজার ১৭৭ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯২টি ল্যাবে ১২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।