প্রশাসন ক্যাডারে মিলে যাওয়া বিসিএস ইকোনমিক ক্যাডারের ২২০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করে গেজেট জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে এই ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে উপসচিব হলেন।
ইকোনমিক ক্যাডারের বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। নতুন পদোন্নতি পাওয়া এসব উপসচিবের পদায়ন করে আদেশ জারি করা হয়নি। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। পদোন্নতির পর এখন উপসচিবের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭৮০ জন। উপসচিবের পদ ১ হাজার ৭৫০টি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। এরপর ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পর্যায়ে পদোন্নতি দেওয়ার আলোচনা চলছে ।