আরসিসি ঢালাই হচ্ছে হবিগঞ্জের প্রধান সড়কে

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পেতে যাচ্ছেন হবিগঞ্জবাসী। শহরের প্রধান সড়কটিতে পিচ তুলে আরসিসি সড়কে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আগামী শুষ্ক মৌসুমে এর কাজ শুরু হতে পারে বলে আশা করছে সওজ। 

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে প্রকাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের (চাঁদেরহাসি হাসপাতালের মুখ থেকে) সম্মুখ থেকে চৌধুরী বাজার ব্রিজ পর্যন্ত ১ দশমিক ৯ কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাই করা হবে। এর জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা। আরসিসি ঢালাইর পুরু হবে প্রায় ৩৩০এম এম বা ১ফুট ১ইঞ্চি।

সূত্র জানায় ২০২০- ২০২১ অর্থ বছরে  পিএমপি(প্রিয়ডিক মেনটেন্যান্স প্রোগ্রামের (সড়ক মেজর) আওতায়  সিলেট সড়ক জোনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১শ ৯ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রকল্পগুলোর মধ্যে হবিগঞ্জ শহরে প্রধান সড়ককে আরসিসি সড়কে রূপান্তরকরণ অন্তর্ভূক্ত করা হয়েছে।

এদিকে লক্ষাধিক মানুষের বসবাস এই শহরে দিন দিন পথচারী ও যান চলাচল বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় রাস্তার সংখ্যা কম হওয়ায় মূলত প্রধান সড়কের ওপর চাপ বাড়ছে। বেশ কিছু সরকারি, বেসরকারি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে মূলত প্রধান সড়ককেই ঘিরে। তুলনামূলকভাবে সড়কটির প্রস্থতাও কম। সওজ সূত্রে প্রকাশ বিগত বিএনপি সরকারের আমলে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের প্রচেষ্টায় দেশের কয়েকটি জেলা সদরকে বিউটিফিকেশন কর্মসূচির আওতায় হয়।

ওই সময়ে হবিগঞ্জ পুলিশ সুপারের অফিসের সম্মুখ থেকে পুরাতন হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, রোড ডিভাইডার, সোডিয়াম বাতি স্থাপন করা হয়। পরবর্তীতে এ কর্মসূচি অব্যাহত না রাখায় সড়কে দিন দিন যানজট বৃদ্ধি পাচ্ছে । এ ছাড়া সড়ক বিভাগের জায়গা দখল করে কিছু ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানের বারান্দা বর্ধিত করেছেন।  মাত্রাতিরিক্ত মাল বোঝাই গাড়ির চাপে সড়কের বুক মাটির সঙ্গে মিশে গেছে।

পৌরসভার সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা গড়ে না উঠায় একটু সময়  বৃষ্টি হলেই সড়ক ডুবে যায় পানিতে। ফলে  পিচ উঠে খানাখন্দকে রূপ নিয়েছে সড়কটি। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য হবিগঞ্জ সওজ বিভাগ এই সড়কটিতে পিচের বদলে আরসিসি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠায়। যা অতি সম্প্রতি অনুমোদন পেয়েছে।

যোগাযোগ করা হলে নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী পিচের বদলে আরসিসি রাস্তা নির্মাণে জোর দিয়েছেন। ব্যয় বেশি হলেও আমাদের দেশের আবহাওয়ায় এর স্থায়ীত্ব অনেক বেশি।

তিনি জানান, কিছুদিনের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে। আরসিসি করার পূর্বে বর্তমান পিচের অংশ তুলে নেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হবিগঞ্জ প্রধান সড়কে যান ও জনচলাচলে দুর্ভোগ বহুলাংশে লাঘব হবে বলে  আশা করছেন তিনি।