পর্দার নিচে সেলফি ক্যামেরা বসানো বিশ্বের প্রথম স্মার্টফোন বাজারে আনল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই।
প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানায়, সেলফি ক্যামেরা নিচে রেখে পর্দা বাড়িয়ে বানানো হয় ‘অ্যাক্সন ২০ ফাইভ জি’ নামে নতুন এ স্মার্টফোন।
কয়েক বছর ধরেই স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে স্মার্টফোনে পর্দা বাড়ানোর প্রতিযোগিতা চলছে। তার অংশ হিসেবে ‘নচ’ ও ‘হোল পাঞ্চ’ পর্দা এবং ‘পপ-আপ’ ক্যামেরা প্রযুক্তির স্মার্টফোন বাজারে ছাড়া হয়।
পর্দা বাড়ানোর প্রতিযোগিতা থেকেই জেডটিই এ স্মার্ট বাজারে আনে। অ্যাক্সন ২০ ফাইভ জি সেটটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর, ৬.৯২ ইঞ্চি ওলেড পর্দা এবং চার হাজার একশ’ ২০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতার ব্যাটারি।
স্মার্টফোনটির পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, সেটির সেন্সরের সঙ্গে আট মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং দুই মেগাপিক্সেলের ডেপথ ও ম্যাক্রো সেন্সরও ব্যবহার করা হয়েছে। ছয় বা আট গিগাবাইট র্যামের সঙ্গে রয়েছে ১২৮ বা ২৫৬ গিগাবাইট স্টোরেজ সুবিধা।
এখন পর্যন্ত চীনে ফোনটির অর্ডার নিতে শুরু করেছে জেডটিই। এর বাজার মূল্য বলা হচ্ছে প্রায় ৩২০ মার্কিন ডলার। তবে চীনের বাইরে কখন সেটটি বাজারে ছাড়া হচ্ছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি কোম্পানিটি।