বেনাপোল স্থলবন্দরের ২৩ নাম্বার শেডের মধ্যে একটি শক্তিশালী হাতবোমা বিস্ফোরিত হয়েছে।
বুধবার বিকেলে বোমাটি মোটর পার্টসের একটি চালানের মধ্যে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্টস ও লেবাররা আতঙ্কিত হয়ে পড়েন।
বেনাপোল বন্দরের উপপরিচালক আবদুল জলিল জানান, স্থলবন্দরের ২৩ নাম্বার শেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টনের ফাঁকে হঠাৎ করে সুতলি দিয়ে পেঁচানো একটি হাতবোমা বিস্ফোরিত হয়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা আলামত সংগ্রহ করে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।