দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেবে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গতকাল বুধবার ভার্চুয়াল অনুষ্ঠানে ‘বন্যার্তদের পাশে হাত বাড়িয়ে এক সাথে’ শীর্ষক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা করে অপারেটরটি।
বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগী হয়েছে গ্রামীণফোন। এ ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে চাল, চিনি, লবণ, ডাল ও সুজি। এসব খাদ্যসামগ্রী চারজনের পরিবারের এক সপ্তাহের খাদ্যের জোগান দেবে।
অনুষ্ঠানে জানানো হয়, ত্রাণসামগ্রী ইতিমধ্যে জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, শরীয়তপুর ও কুড়িগ্রামের ২৫ হাজার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এ কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।